ময়মনসিংহের মুক্তাগাছায় ১২ বছর বয়সী এক স্কুল পড়ুয়া শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে মানিক মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা তার ছেলেকে পাখির খাবার কিনতে উপজেলার আটানী বাজারে পাঠান। শিশুটি বাজারসংলগ্ন হেলাল টেডার্স নামের একটি দোকানের সামনে পৌঁছালে দোকানের কর্মচারী মানিক মিয়া তাকে ডেকে ভেতরের একটি আলাদা কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে বলাৎকারের চেষ্টা করা হয়।
এ সময় শিশুটি ধস্তাধস্তি করে দোকান থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায়। পরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরে শিশুটির মা থানায় এসে থানায় মামলা করেন।
অভিযোগের বিষয়ে মানিক মিয়ার মা রাজিয়া খাতুন (৭০) বলেন,আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ছেলের মত ভাল মানুষ হয় না,আটানি বাজার সকলের কাছে জিজ্ঞেস করলে তার প্রমাণ পাবেন। যে মহিলা মামলা করেছে আমরা সম্পর্কের খোঁজ নিয়ে জেনেছি, সেই মহিলার ব্যবসাই হচ্ছে মামলা করা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে এক স্কুলপড়ুয়া শিশুকে জোরপূর্বক বলাৎকারচেষ্টার অভিযোগে তার মা থানায় অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রাত নয়টার দিকে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
