ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি মিলছে ডেঙ্গুর লার্ভা, নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১১ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৬:১৩ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে মিলছে এডিস মশার লার্ভা। কোথাও ড্রামে জমে থাকা পুরোনো বৃষ্টির পানিতে, আবার কোথাও পরিত্যক্ত পাত্রে এডিস মশার বংশবিস্তার হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন গঠিত কমিটির উদ্যোগে গত দেড় মাসের বেশি সময় ধরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসব অভিযানে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন।

অভিযান সংশ্লিষ্টদের তথ্যমতে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৯০ থেকে ১০০টি বাড়িতে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। বর্তমানে জেলা প্রশাসনের গঠিত কমিটির পক্ষ থেকে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত দুই দিন ১৪ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

অভিযানে দেখা গেছে, প্রায় এক মাস আগে বৃষ্টির জমে থাকা পানি ড্রামে সংরক্ষণ করে রাখায় সেখানে এডিস মশার বংশবিস্তার হয়েছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা এসব পানির পাত্র মশার প্রজননস্থলে পরিণত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ড্রেনগুলোর অবস্থার উন্নতি করতে হবে। তবে শুধু ড্রেন পরিষ্কার করলেই হবে না, প্রতিটি বাড়ির ছাদ, বারান্দা ও আঙিনাও পরিষ্কার রাখতে হবে। কারণ অভিযানে মানুষের নিজ বাড়িতেই বিপুলসংখ্যক এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় প্রশাসন কিংবা পৌরসভাকে এককভাবে দায়ী না করে প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, শুধু প্রশাসনিক উদ্যোগ দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়েই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম