রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ভালুকিয়া বিহারের উন্নয়নে তাঁর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নির্বাচনে ভালুকিয়ার মানুষ তাঁকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভালুকিয়া এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তকরণ এবং নতুন বিহারের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি এলাকার মৎস্য ও কৃষি খাতের বিকাশ এবং গ্রামীণ মানুষের জীবিকার উন্নয়নেও কাজ করার আশ্বাস দেন তিনি।
ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত অর্থদর্শী স্থবিরের (বটপাতা ভান্তে) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দায়ক-দায়িকা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবিমল দেওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমা। প্রধান সদ্ধর্ম আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন, ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার, সাদিক্ষাবিলির পরিচালক ভদন্ত মৈত্রী বরণ ভিক্ষু। এ সময় মঞ্চে উপবিষ্ট ভিক্ষুসংঘও সদ্ধর্ম আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, অ্যাডভোকেট শুশীল তঞ্চঙ্গ্যা এবং রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংসি মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন তঞ্চঙ্গ্যা। এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক-দায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দানোৎসবকে কেন্দ্র করে ভালুকিয়া ও আশপাশের এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
