ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৭ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘রোকযানা’ গানের কণ্ঠশিল্পী ও গীতিকার শেখ সাহেদ আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ অক্টোবর রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তাঁর একটি মাইল্ড স্ট্রোক হয়। স্ট্রোকের পর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং বর্তমানে ফিসফিস করে ও ইশারার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন।

হাসপাতালে থাকা অবস্থাতেই পরীক্ষায় তাঁর ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। স্ট্রোকের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও মারাত্মক অবনতি ঘটে।

এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন এবং এর জন্য তাঁকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ৩১ অক্টোবর তাঁকে প্রথমে পুরান ঢাকার গেন্ডারিয়ার একটি হাসপাতালের এইচডিইউতে এবং পরবর্তীতে রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

তাঁর এই আকস্মিক অসুস্থতার কারণে আগামী ৬ নভেম্বর তাঁর নতুন ২৪টি গান প্রকাশের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এছাড়া ১৫ নভেম্বর তাঁর যে কিডনি প্রতিস্থাপনের কথা ছিল, সেটিও আপাতত স্থগিত করা হয়েছে।

ব্যান্ড সংগীতশিল্পী শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা।সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত তিনি। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ ১৯৯১ সালে প্রকাশিত হয়। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

শিল্পীর দ্রুত সুস্থতার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম