ঢাকা, সোমবার: ঢাকার পাইকারি ও খুচরা বাজারে দুই সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। বাজারের এই মূল্যবৃদ্ধির ফলে এখন ঢাকার বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজিতে এবং বসুন্ধরা কাঁচাবাজারে ১৫০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা দাবি করছেন, সাম্প্রতিক অতিবৃষ্টিতে পেঁয়াজের চাষাবাদ বিঘ্নিত হওয়ায় আগাম পেঁয়াজের সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে, আমদানি করা পেঁয়াজের দামও ১০ থেকে ২০ টাকা বেড়ে কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকারকদের বক্তব্য অনুযায়ী, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় এবং ডলারের মূল্যবৃদ্ধি এই দামের ওপর প্রভাব ফেলছে।
তবে ভোক্তারা মনে করছেন, কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন, যার ৭৫ থেকে ৮০ শতাংশ পূরণ হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে, এবং বাকি চাহিদা আমদানি করে মেটানো হয়।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
