ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার ২০২৪ শুরু

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৭:২৮ অপরাহ্ন

banglahour

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৪ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে ২২০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।


সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বিআইসিসিতে রিহ্যাব ফেয়ার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ড্যাপ এবং বিধিমালা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকাকে সুন্দরভাবে বসবাসযোগ্য করার জন্য ইতোমধ্যে রাজউক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


তিনি বলেন, ঢাকাসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্নপূরণে রিহ্যাবের অবদান অনেক বড়। আগামীতে অকুপেনন্সি সনদ সহজ করা হবে যেন সব ভবন মালিক এ সনদ গ্রহণ করেন।


গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হাবিব উল্লাহ। তিনি এত বড় মেলার আয়োজন করার জন্য রিহ্যাবের প্রশংসা করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের ভালো জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি।


রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া আবাসন খাতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য জানান তিনি।


রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, এ মুহূর্তে যা আমাদের জন্য বড় সংকট তৈরি করেছে ড্যাপ এ ফার হ্রাস। জিডিপিতে ১৫ শতাংশ অবদান রাখা আবাসনশিল্প আজ হুমকির মুখে উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মোক্তাদির। অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট হাজি দেলোয়ার হোসেনসহ রিহ্যাব পরিচালকরা এবং অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম