ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ আদানি পাওয়ারকে পূর্ণ সরবরাহ পুনরায় চালুর আহ্বান জানিয়েছে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (রয়টার্স): ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড রাজ্যের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। গত তিন মাস ধরে কম সরবরাহের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

২০১৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে করা ২৫ বছরের চুক্তির আওতায় আদানি পাওয়ার বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। তবে গত বছরের অক্টোবরের শেষ থেকে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা হয়, যার কারণ ছিল শীতকালীন কম চাহিদা এবং বিল পরিশোধ সংক্রান্ত কিছু জটিলতা।

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, "আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী আদানি তাদের দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছিল, তবে উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি।" তিনি আরও বলেন, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ইউনিটটি পুনরায় চালু করা যায়নি।

সংস্থাটি জানিয়েছে, তারা প্রতি মাসে আদানিকে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করছে এবং বকেয়া কমানোর চেষ্টা করছে। তবে আদানির সঙ্গে এখন আর কোনো বড় সমস্যা নেই বলে জানানো হয়েছে। যদিও গত ডিসেম্বর মাসে আদানি দাবি করেছিল, বিপিডিবির কাছে তাদের পাওনা ৯০০ মিলিয়ন ডলার, বিপরীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, প্রকৃত পাওনার পরিমাণ ৬৫০ মিলিয়ন ডলারের মতো।

বিদ্যুৎ চুক্তির মূল বিতর্কের বিষয়টি বিদ্যুতের মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় বাংলাদেশ অন্যান্য ভারতীয় বিদ্যুৎ সরবরাহের তুলনায় ৫৫% বেশি দাম পরিশোধ করছে।

বাংলাদেশ সরকার আদানির সঙ্গে চুক্তির শর্ত পর্যালোচনা করতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছে, যা চলতি মাসের মধ্যেই তাদের প্রতিবেদন দাখিল করবে। পর্যালোচনার ভিত্তিতে চুক্তির শর্ত পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, আদানি তাদের ঝাড়খণ্ড প্রকল্পের জন্য ভারতের কাছ থেকে কর-সুবিধা পেলেও তা বাংলাদেশকে স্থানান্তর করেনি।

অন্যদিকে, গত নভেম্বরে মার্কিন প্রসিকিউটররা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং সাতজন নির্বাহীর বিরুদ্ধে ভারতের ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগ আনেন। যদিও আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত বড় বড় জ্বালানি চুক্তির পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে, যা আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিও পরীক্ষা-নিরীক্ষা করছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম