ঢাকা | দায়িত্বে অবহেলার অভিযোগে গুলশান থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখান, যা সন্ত্রাসী ও অপরাধীদের জন্য সুযোগ তৈরি করে। তাই তিনি বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং নির্ভয়ে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।”
এ সময় তিনি জানান, পরিস্থিতির উন্নতি হলে চলমান যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।
সকালে বারিধারার ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে তিনি ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। এরপর দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানাও পরিদর্শন করেন। থানাগুলোতে তিনি অভ্যর্থনা কক্ষ, হাজতখানা ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
