জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রম পরিচালিত হলেও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ সীমিত থাকায় কার্যক্রমগুলো প্রত্যাশিত সুফল দিচ্ছে না। বিশেষ করে সুশাসনের অভাব ও অভিযোজনের প্রতি কম গুরুত্ব দেওয়ার ফলে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির অনুপ্রবেশ বাড়ছে, মৌসুমি বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
বেসরকারি সংস্থা সেন্টার ফর পার্টিসিপাটরি রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) পরিচালিত দুটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান মিলনায়তনে এক সেমিনারে গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।
ঝুঁকিপূর্ণ অঞ্চলে অভিযোজন কার্যকারিতা কমছে
সিপিআরডি পরিচালিত গবেষণায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমান অভিযোজন কার্যক্রমের কার্যকারিতা পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, কিছু অভিযোজন কৌশল সময়ের সঙ্গে সঙ্গে কার্যকারিতা হারাচ্ছে এবং নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
অন্যদিকে, আইসিসিসিএডির গবেষণায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্ব হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিযোজন চ্যালেঞ্জ বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অভাব রয়েছে।
আইলার পরিণতি ও নতুন সংকট
গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির অনুপ্রবেশ ব্যাপকহারে বেড়েছে। ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের মৌসুমি বেকারত্ব বাড়ছে। এ ছাড়া, সুন্দরবনের ওপর অতিরিক্ত মানবিক চাপ সৃষ্টি হওয়ায় জীববৈচিত্র্যের জন্য নতুন হুমকি তৈরি হয়েছে।
গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন কার্যক্রমের ধারাবাহিক মূল্যায়ন ও উন্নয়ন প্রয়োজন। স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো, কার্যকর নীতি প্রণয়ন এবং সুশাসন নিশ্চিত করা গেলে অভিযোজন কার্যক্রম অধিক কার্যকর হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অভিযোজন ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
