ঢাকা: আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। সেটা মাথায় রেখেই আমরা আমাদের সব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করছি। আমরা আরো এগিয়ে যাব।
রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ভিত্তিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও এইউডব্লিউর ভিসি ড. রুবানা হক এ সময় উপস্থিত ছিলেন।
সরকার প্রধান বলেন, যেকোনো দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা অপরিহার্য। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব। ইসলাম সর্বদা নারী ও পুরুষের সমান অধিকারকে পৃষ্ঠপোষকতা করে। আফগানিস্তানের নারী শিক্ষা নিয়ে তিনি বলেন, ইসলাম একজন নারী (হযরত খাদিজা) দ্বারা শুরু হয়েছিল এবং ইসলাম কখনই নারী শিক্ষার প্রতিবন্ধক ছিল না। তাদের জন্য শিক্ষা বন্ধ করা মোটেই গ্রহণযোগ্য নয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
