ঢাকা, ৩০ এপ্রিল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি।” এ সংক্রান্ত ফরেনসিক প্রতিবেদন তদন্ত সংস্থা বুধবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের সামনে তুলে ধরে।
অডিওটি প্রকাশের পর ট্রাইব্যুনালের বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে রুল জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার এই অভিযোগের ওপর শুনানিও অনুষ্ঠিত হয়।
তদন্ত সংস্থা জানায়, জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১৪৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তদন্ত চলছে। এর মধ্যে ২৩টি ‘মিস কেস’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে।
রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এখন মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, তদন্ত প্রতিবেদন জমার পর তা যাচাই-বাছাই করে রাষ্ট্রপক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এরপর অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করলে বিচারকাজ শুরু হয় এবং রায়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শেষ হয়। রায় ঘোষণার এক মাসের মধ্যে আসামিপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
