ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি'র) প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
রোববার (৪ মে) আদালত সুত্রে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিউজ দৃষ্টে নিম্নস্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, জি.আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দীদের স্বাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কতিপয় কর্মকর্তা ঘুস গ্রহণ করে। এছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। উপরোক্ত অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক বলে নিম্ন স্বাক্ষরকারী মনে করে।
আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগ সমূহ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন লিখিত কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
