কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান এবং দুই সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে দেশের চলমান সংস্কার কার্যক্রম ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন,আপনারা এমন এক সময়ে এসেছেন, যখন বাংলাদেশে একটি বড় পরিবর্তন ঘটছে—তরুণদের নেতৃত্বে এক অভ্যুত্থান হয়েছে। এখন আমরা এমন এক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে জাতির জন্য ঐতিহাসিক।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেছে। তাদের নিজভূমিতে প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করছে, হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে এবং বড় হচ্ছে, কিন্তু তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই—তারা হতাশ ও ক্ষুব্ধ। এখন তহবিল সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন,আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে কথা বলছি। এটি এক গভীর মানবিক সংকট। বিশ্বকে এখনই তাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। আমি এ বিষয়ে একটি বিবৃতি দেব এবং কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করব।
এমপি সামির জুবেরি, যিনি কানাডার বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি, বলেন,আমরা বাণিজ্য সম্পর্ক বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছি। বাংলাদেশ ও কানাডার মধ্যে গভীর মানবিক সম্পর্ক রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফর করেছেন বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উদ্দেশ্যে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মানব কনসার্ন ইন্টারন্যাশনাল (HCI)-এর গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ (HCUSA)-এর সিইও মাসুম মাহবুব, গেস্টাল্ট কমিউনিকেশনস-এর সিইও আহমদ আতিয়া এবং ইসলামিক রিলিফ কানাডা-এর সিইও উসামা খান।
বৈঠকে উভয় পক্ষ গার্মেন্টস, কৃষি ও অন্যান্য খাতে বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের রপ্তানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ড. লামিয়া মোরশেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
