ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশ রক্ষার নির্বাচন: জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা প্রধান উপদেষ্টার

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ১:৪৭ অপরাহ্ন

banglahour

আসন্ন নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণী মুহূর্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের প্রতি শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; এটি দেশ রক্ষার নির্বাচন।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ দেশের ৬৪ জেলার ডিসিদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শুধু পাঁচ বছরের সরকার গঠনের নির্বাচন নয়—গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ এবং সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে। সে স্মৃতি মুছে নতুন পথচলা শুরু করতে হবে।

তিনি আরও বলেন, এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে জাতির পরবর্তী শতাব্দীর দিকনির্দেশনা।

জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনে ব্যর্থতার কোনো সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, আর আপনারা থাকবেন ধাত্রীর ভূমিকায়,—বলেন তিনি।

নির্বাচনকে একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করিয়ে দেন, বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন যারা গত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কথাও উল্লেখ করেন প্রফেসর ইউনূস। তারা দেখতে চান আমরা কেমন নির্বাচন করি, বলেন তিনি।

তিনি আরও বলেন, “এই নির্বাচনকে স্বার্থক করা আমাদের গণঅভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি। এটি একটি বিরাট অভিযান—এ অভিযানে আমাদের জিততেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই লড়াইয়ে জয়ী হওয়া অপরিহার্য।”

সভাটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ। উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

মাঠ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম