ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লালদিয়া টার্মিনালে এপিএম টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশে নতুন যুগের সূচনা: প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৩:৩৬ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামের লালদিয়া টার্মিনালে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের বিনিয়োগকে বাংলাদেশের বাণিজ্য ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা দেশের জন্য এক নতুন শুরু। ডেনমার্ক ও ইউরোপ থেকে আরও বৃহৎ ও বহুমুখী বিনিয়োগের একটি নতুন দ্বার উন্মোচিত হলো।

রবিবার ঢাকার রাষ্ট্র অতিথি ভবন জমুনায় মেয়ারস্ক গ্রুপ এবং ডেনিশ সরকারের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

মেয়ারস্ক গ্রুপের চেয়ারম্যান রবার্ট মেয়ারস্ক উগলা—যাদের মালিকানাধীন কোম্পানি এপিএম (AP Møller–Maersk) টার্মিনালস—প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে ডেনমার্কের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী নিনা গ্যানডলোস হ্যানসেনও উপস্থিত ছিলেন।

লালদিয়া টার্মিনালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা উগলা বলেন, চট্টগ্রাম বন্দর এলাকায় তাদের এই বিনিয়োগ হবে বাংলাদেশে কোন ইউরোপীয় কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ।

তিনি জানান, ২০৩০ সালে লালদিয়া টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ভেড়ার সক্ষমতা তৈরি হবে, যা অর্থনীতিতে বড় ধরনের গতি আনবে।
এটি একটি টেকসই বন্দর হবে। কর্মসংস্থানও বাড়বে,—বলেন উগলা। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ একটি খাতে ডেনিশ বিনিয়োগ আরও ইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করবে।

বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং লাইন মালিক এই গ্রুপের চেয়ারম্যান জানান, বাংলাদেশে লজিস্টিকস ও সাপ্লাই চেইন খাতে আরও বিনিয়োগের সুযোগ খুঁজবে তারা।

ডাভোসে জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পর তা বাস্তবায়নের জন্য উগলাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
আমরা আনন্দিত ও উৎসাহিত,—বলেন তিনি।

তিনি এপিএম টার্মিনালসকে লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ দ্রুত করার আহ্বান জানান। “আমাদের লক্ষ লক্ষ উৎপাদন খাতের কর্মসংস্থান তৈরি করতে হবে, অবকাঠামো শক্তিশালী করতে হবে। এই টার্মিনাল হবে আমাদের অর্থনৈতিক প্রবেশদ্বার, ভবিষ্যতের দরজা খুলে দেবে,”—বলেন প্রফেসর ইউনূস।

ডাভোস বৈঠকের প্রসঙ্গ টেনে উগলা বলেন, মেয়ারস্ক গ্রুপ—যা একটি ফাউন্ডেশন মালিকানাধীন—প্রধান উপদেষ্টার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বিনিয়োগ স্থানীয় সম্প্রদায়ের ওপর বড় প্রভাব ফেলবে এবং নারীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে বিশেষ দূত লুতফে সিদ্দিকী, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ও বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
এটি আমাদের জন্য একটি মাইলফলক,—মন্তব্য করেন সিদ্দিকী, বলেন যে এই বিনিয়োগ অন্তর্বর্তী সরকারের এফডিআই আকর্ষণের শক্তিশালী প্রতিশ্রুতির প্রতিফলন।

ডেনিশ রাষ্ট্রমন্ত্রী হ্যানসেন সম্প্রতি অনুমোদিত শ্রম আইনকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে আরও ইউরোপীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।

বৈঠকে এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারও উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম