ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খাদ্যদূষণ রোধে জরুরি পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৮:১৪ অপরাহ্ন

banglahour

খাদ্যে ক্ষতিকর রাসায়নিক, ভারী ধাতু, তেজস্ক্রিয়তা এবং জীবাণুদূষণসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় জরুরি কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি, স্বরাষ্ট্র, খাদ্য, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং পরমাণু শক্তি কমিশনের শীর্ষ কর্মকর্তারা।

খাদ্যদূষণে উদ্বেগ প্রকাশ, তাৎক্ষণিক উদ্যোগের নির্দেশ

বৈঠকে খাদ্যবাহিত রোগ বৃদ্ধি, খাদ্যে সীসা ও অন্যান্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারসহ নানা সমস্যা উঠে আসে।

প্রধান উপদেষ্টা বলেন,
খাদ্যে বিভিন্ন দূষণের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি এটাকে কীভাবে মোকাবিলা করা যায় সে ব্যবস্থা আমাদের নিতে হবে। আমাদের সন্তান, বাবা-মা, আপনজন সবাই এর ভুক্তভোগী। নিজেদের স্বার্থেই এই সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্যদূষণ মোকাবিলায় বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা লিখিত আকারে পাঠানোর নির্দেশ দেন।

ভয়াবহ পরিস্থিতির তথ্য উপস্থাপন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বৈঠকে জানায়—

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি ১০ জনে ১ জন শিশু প্রতিবছর অন্তত একবার খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়।

বিশ্বে বছরে ৬০ কোটি এবং বাংলাদেশে ৩ কোটি শিশু এসব রোগে আক্রান্ত হয়।

চার ধরনের প্রধান দূষক—ভারী ধাতু, কীটনাশক, তেজস্ক্রিয়তা ও জৈব দূষণ—খাবারে পাওয়া যায়।

পরীক্ষায় ১৮০টির মধ্যে ২২টি নমুনায় সীসা শনাক্ত হয়েছে।

এছাড়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউএমইএ সুইডেনের যৌথ গবেষণায় পানির ৮৭টি ও মাছের ২৩টি নমুনায় ৩০০ ধরনের ওষুধ, ২০০ ধরনের কীটনাশক ও ১৬ ধরনের পিএফএএস পাওয়া গেছে।

শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ঝুঁকি

ইউনিসেফের জরিপের তথ্য অনুযায়ী দেশে সাড়ে ৩ কোটি শিশু সীসা দূষণের শিকার।
বিএফএসএ চেয়ারম্যান জানান, সীসা শরীরের হাড়, কিডনি, যকৃৎ ও মস্তিষ্কে জমা হয় এবং শিশুদের মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত করে। গবেষণায় ৫ শতাংশ গর্ভবতী নারীও সীসা সংক্রমণে আক্রান্ত বলে জানা গেছে।

পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিক ও কৃষিতে অবৈধ কীটনাশক ব্যবহার

বৈঠকে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান—

পোল্ট্রি খাতে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারে ৭–২৮ দিন পর্যন্ত ওষুধের অবশিষ্টাংশ থাকে।

২৮ দিন পূর্ণ হওয়ার আগে মুরগি বাজারজাত হলে মানুষের শরীরে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রবেশের ঝুঁকি থাকে।

বড় প্রতিষ্ঠানগুলো নিয়ম মানলেও কিছু অসাধু খামার গোপনে অনিয়ন্ত্রিতভাবে উৎপাদন চালাচ্ছে।

সচেতনতা ও গবেষণায় গুরুত্বারোপ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ল্যাব রয়েছে এবং শিক্ষার্থীদের এ ধরনের পরীক্ষার সক্ষমতা আছে। একটি সমন্বিত জাতীয় গবেষণা দ্রুত শুরু করা সম্ভব।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং গণমাধ্যমকে সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম