সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি লজিস্টিক ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হন।
হামলায় শহীদ শান্তিরক্ষীরা হলেন—
কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি, নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা বীর (রাজবাড়ি), সৈনিক শান্ত মন্ডল বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
এ ঘটনায় আহত আটজন শান্তিরক্ষীর মধ্যে রয়েছেন একজন লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা। আহতদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে। তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল অঙ্গীকারের এক গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে।
একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
