ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(৭ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৬:৪৪ অপরাহ্ন

banglahour

বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মীয় নেতারা বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, ক্ষমা, ভালোবাসা ও মানবসেবার মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর আনন্দ ও উৎসাহের সঙ্গে বড়দিন উদযাপন করছে।

প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,
জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছিল। আপনি নিষ্ঠা ও সততার সঙ্গে সে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনার এই প্রচেষ্টা সফল হবে।

প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,
আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে বুঝতে পারি, সমাজ কতটা সুস্থ আছে।

তিনি বলেন, একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতেই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। জনগণ গণভোটে যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেই অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।

এ সময় আসন্ন নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতৃবৃন্দ। তাঁরা জানান, দেশব্যাপী প্রায় ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।

পরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯