ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা ।

(৪ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৫:৩৫ অপরাহ্ন

banglahour

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন,
আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, সরকার নাগরিকদের জন্য বিভিন্ন সেবা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে এবং ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য নাগরিক সেবাসংক্রান্ত খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন,
“সাইবার সুরক্ষা এজেন্সিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। একই সঙ্গে এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের জন্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং ব্যবস্থার আওতায় আনতে হবে, যাতে প্রকৃত সক্ষমতা ও দুর্বলতা সহজেই নিরূপণ করা যায়।

ফিনান্সিয়াল সেক্টরে সংঘটিত সাইবার অপরাধের ক্ষেত্রে কেউ যেন পার পেয়ে না যায়—সে লক্ষ্যে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (CII) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনসহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর সভায় বলেন, ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা আরও সুদৃঢ় করতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সেক্টরাল সার্ট (CERT) গঠনের উদ্যোগের প্রশংসাও করেন।

জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এজেন্সির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাইবার অপরাধের অভিযোগ গ্রহণ ও পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য প্রণীত Cyber Incident Reporting and Response System সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

উল্লেখ্য, ২১ মে ২০২৫ সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের পর সংশোধিত অধ্যাদেশের আওতায় রাষ্ট্র ও নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ আগস্ট জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করা হয়। ২৫ সদস্যের এই কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯