বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী দুই একদিনের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে।
রোববার সন্ধ্যায় সিলেটে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে বিভিন্ন মহল ও গণমাধ্যমে আশঙ্কার কথা বলা হলেও বিএনপি দল হিসেবে কোনো শঙ্কা বোধ করছে না। বরং শুরু থেকেই বিএনপি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন তার নিজস্ব পথে এগিয়ে চলছে এবং সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, “মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়েই তিনি রাজকীয়ভাবে রাজনীতি থেকে প্রস্থান করেছেন। ভবিষ্যতে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন, সেই বাংলাদেশ গঠনের ব্যাপারেও তিনি আশাবাদী।
সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ যে সুযোগ এসেছে, সেটিকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না।” তিনি একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে সিলেট সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
