প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন এখনো আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য নির্বাচন ভবনের নিচতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এই আপিল গ্রহণ কার্যক্রম চলবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
এছাড়া আপিল শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
সিইসি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
