জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার বিভিন্ন স্থানে নিহত নারী ও পুরুষের অজ্ঞাত পরিচয়ের ১১৪ শহীদের মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর ৯টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে ইতোমধ্যে ৮ জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকায় রায়ের বাজার কবরস্থান প্রসঙ্গে সিআইডি আয়োজিত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ পরিচয় শনাক্তকরণ অনুষ্ঠান-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “এই অত্যন্ত কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে।” তিনি জানান, বিশিষ্ট ফরেনসিক বিজ্ঞানী ড. মরিস টিডবল-বিনজ বাংলাদেশে এসে সিআইডির ফরেনসিক, ডিএনএ ও মেডিক্যাল ফরেনসিক টিমকে দুই দিনব্যাপী কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে টঘঐঈজ-এর সহায়তায় ড. লুইস ফন্ডিব্রিডারের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করা হয়েছে। কবর থেকে মোট ১১৪টি মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো সংবেদনশীল কাজ অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা বলেন, “এই শনাক্তকরণের ফলে শহীদ পরিবারের সদস্যরা অন্তত জানতে পারছেন তাঁদের প্রিয়জনের সঙ্গে কী ঘটেছিল এবং তাঁরা কোথায় শায়িত আছেন। এটি পরিবারগুলোর জন্য যেমন, তেমনি জাতির জন্যও এক বিরাট মানসিক শান্তির বিষয়।”
তিনি আরও বলেন, এই কার্যক্রম শুধু আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন নয়; বরং নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হবে। যদিও এখনো কিছু শহীদের পরিচয় শনাক্ত বাকি রয়েছে, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেল রানার মা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শনাক্তকৃত শহীদদের কবর তাদের নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপদেষ্টা শহীদদের স্মরণে কবরস্থানে স্থাপিত নামফলকের উদ্বোধন করেন এবং মোনাজাত পরিচালনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
