ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে বাড়ছে উদ্বেগ।
United States Geological Survey (ইউএসজিএস) ও European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্যমতে, ফেব্রুয়ারির ২৭ দিনেই দেশে ও আশপাশের অঞ্চলে উৎপত্তিস্থল থাকা অন্তত ১০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার প্রভাব বাংলাদেশে অনুভূত হয়।
৫ দশমিক ৩ মাত্রার কম্পনে কেঁপেছে ঢাকাসহ বিভিন্ন এলাকা
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এর আগের দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
মিয়ানমার ও সিলেট অঞ্চলে একাধিক কম্পন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটে মিয়ানমার উৎপত্তিস্থল থেকে সৃষ্ট একটি ভূমিকম্প ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
মাসের প্রথম দিন ঢাকাসহ আশপাশের এলাকায় ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব-দক্ষিণ-পূর্বে।
৩ ফেব্রুয়ারি রাতে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। ওই দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। একই দিন ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলাকেন্দ্রিক ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
এ ছাড়া ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুটি কম্পন (মাত্রা ৩ দশমিক ৩ ও ৪) অনুভূত হয়। ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতক উপজেলাকেন্দ্রিক ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও রেকর্ড করা হয়।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
ঘন ঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বড় ধরনের দুর্যোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভবন নির্মাণে বিধিমালা কঠোরভাবে অনুসরণ, পুরোনো ঝুঁকিপূর্ণ স্থাপনার মূল্যায়ন এবং দুর্যোগ প্রস্তুতি জোরদার করা জরুরি।
তারা বলছেন, মৃদু ও মাঝারি কম্পনগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা তা নিশ্চিতভাবে বলা না গেলেও সতর্কতা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়া এখন সময়ের দাবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
