প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন Tarique Rahman। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে।” তিনি উল্লেখ করেন, কর্মকর্তা-কর্মচারীরাও সরকারেরই অংশ। সরকার তখনই ভালো করবে, যখন সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী ইশতেহার থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ Bangladesh Nationalist Party-এর নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে।
স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া খাতসহ ইশতেহারে উল্লেখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, “মানুষ যেন নিরাপদ বোধ করে, সেটি নিশ্চিত করতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই লক্ষ্য অর্জন সম্ভব।”
দেশ থেকে দুর্নীতি দূরীকরণেও কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশনাও দেন তিনি।
জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
