ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়, দেশ বদলে দিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সকালে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সরকারেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, “সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে কাজ করতে হবে।

স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকরা যেন নিরাপদ বোধ করেন, সে পরিবেশ তৈরি করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবাই একসঙ্গে কাজ করলে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

দুর্নীতি দমনের বিষয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম