ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ, জরুরি বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ে

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১ মার্চ ২০২৬, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

banglahour

 ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ঐ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং পরিস্থিতির উন্নতি হলে গমনেচ্ছু ও বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি প্রদানের অনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানানো হয়েছে।

দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উদ্বেগ ও জটিলতাগুলো দ্রুত নিরসন করা যায়।

ইরানের রাজধানী তেহরান-এ অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

সরকার মধ্যপ্রাচ্যে আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতা ও বিরোধ তীব্রতর হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। সংঘাত কখনোই স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব।

বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়-এ এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব। বৈঠককালে তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার সুসংহত ও নীতিগত অবস্থান অব্যাহত রাখবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম