মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও বাজারে প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও সরকার সতর্ক ও প্রস্তুত আছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। রোববার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের বড়বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। সারাদেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে, যাতে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং কেউ অযৌক্তিক মূল্য বৃদ্ধি করতে না পারে।
প্রতিমন্ত্রী আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি টিসিবি–এর বিভিন্ন টিম মাঠে সক্রিয়, নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন টিসিবির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, কিশোরগঞ্জ-১ ও ২ আসনের সংসদ সদস্যরা, জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেন। সন্ধ্যায় নগুয়া এলাকায় নুরুল উলুম মাদ্রাসায় এতিমদের সঙ্গে ইফতারের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
