ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশ থেকে পুরুষদের পাচার করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Fortify Rights ও Truth Hounds। নানা প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো হচ্ছে এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য অর্থও দেওয়া হচ্ছে না বলে দাবি সংগঠন দুটির।
বুধবার রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ সরকারকে এ বিষয়ে রাশিয়ার কাছে জবাবদিহিতা দাবি করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি সোহেল সরদার নিরব নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রকাশ করছেন। এমনকি সহযোদ্ধাদের মৃত্যুর ঘটনাও তিনি প্রকাশ্যে এনেছেন। তাদের দাবি, আর্থিক প্রলোভনে অনেক বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যুদ্ধে নামানো হচ্ছে, যা মূলত দালালচক্রের মাধ্যমে সংঘটিত পাচারের শামিল।
সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, সেনা সংকটে পড়া Russia তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যোদ্ধা সংগ্রহে সক্রিয় হয়েছে। বাংলাদেশ থেকে নেওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে দাবি করা হয়।
তাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রুশ বাহিনীতে যোগ দেওয়া ১০৪ জন বাংলাদেশির মধ্যে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে রাশিয়ার কথিত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বাধিক ১৫১ জন নেপালি নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন। এছাড়া ভারত, শ্রীলঙ্কা এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
