নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুইজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। তিনি সকাল ৯টা ১০ মিনিটে অফিসে পৌঁছে দেখেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কর্মকর্তা-কর্মচারী তখনও উপস্থিত হননি। কেউ সকাল ৯টা ৩০ মিনিটে, আবার কেউ ৯টা ৪৫ মিনিটে অফিসে আসতে শুরু করেন।
এ অবস্থায় প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। দীর্ঘ সময় পার হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ ও হতাশা প্রকাশ করেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়ম অনুযায়ী দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এরই অংশ হিসেবে ৫ মার্চ ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের দুইজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি অন্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
