রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর জামিন করানোর শর্তে ঘুষ গ্রহণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গঠিত পাঁচ সদস্যের কমিটি অভিযোগের বিষয়ে সব ধরনের অনিয়ম তদন্ত করবে। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
এদিকে অভিযোগ ওঠার পর অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ইতোমধ্যে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
