সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বি-ব্লকের সম্মুখ প্রাঙ্গণ বটতলা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মো. আব্দুল মুকীত, সাংগঠনিক সম্পাদক ডা. মো. রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক ডা. শাহনেওয়াজ দেওয়ান এবং সহযোগী অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন নোমানসহ অন্যান্যরা।
র্যালি শেষে শহীদ ডা. মিল্টন হলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও স্ক্রিনিং সম্প্রসারণ, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় কিডনি সেবা অন্তর্ভুক্ত করা এবং কিডনি প্রতিস্থাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মরণোত্তর কিডনি প্রতিস্থাপন কার্যক্রম সফল করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও রোগ নির্ণয় তুলনামূলক সহজ ও কম খরচের। একটি সাধারণ প্রস্রাব পরীক্ষার মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্ত করা সম্ভব। তাই ইউনিয়ন সাব-সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে সহজ পরীক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, নীরবঘাতক কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ভেজাল খাবার পরিহার, ওজন নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে কিডনি রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
বক্তারা আরও জানান, ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী দেশে প্রায় ২২ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। সেই হিসেবে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লাখ। প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের কিডনি বিকল হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে প্রায় ৮০ শতাংশ রোগী মারা যায়। বর্তমান বিশ্বে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ অষ্টম স্থানে থাকলেও ২০৪০ সালের মধ্যে এটি পঞ্চম স্থানে উঠে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন তিন দিনব্যাপী কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে ৮ মার্চ সচেতনতামূলক ভ্রাম্যমাণ ছাদখোলা গাড়ির উদ্বোধন এবং ১১ মার্চ শের-ই-বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
