ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব: তথ্যমন্ত্রী

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৪ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ৭:৫৯ অপরাহ্ন

banglahour

গণতন্ত্র টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব, আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে করতোয়া কনভেনশন সেন্টার-এ বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর পক্ষ থেকে রাজশাহী বিভাগের সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। দেশে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রে জবাবদিহি থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের দেওয়া অর্থ কোনো অনুদান নয়; এটি তাঁদের প্রাপ্য। গত ১৭ বছরে সাংবাদিকেরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং ফ্যাসিস্টবিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ গণমাধ্যমকে শক্তিশালী করারই প্রচেষ্টা।

তিনি আরও বলেন, সাংবাদিকতা এমন একটি জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক পেশা, যা দিয়ে বিত্তবান হওয়া যায় না। এ কারণে এই পেশার মানুষকে সম্মান দেওয়া এবং তাঁদের পেশাকে নিরাপদ করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

বগুড়াকে গত ১৭ বছরে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বগুড়াবাসীর যে অধিকারগুলো থেকে বঞ্চিত করা হয়েছে সেগুলো তালিকা করে পর্যায়ক্রমে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়ায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড চালুর কার্যক্রম চলছে এবং কৃষিঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।

মোহাম্মদ আবদুল বাছির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান (রুমন)। এছাড়া বক্তব্য দেন তৌফিকুর রহমান, রেজাউল করিম (বাদশা), রেজাউল হাসান, কালাম আজাদ, মোজাম্মেল হক (লালু), আতোয়ার রহমান এবং গণেশ দাস।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯