বাংলাদেশের আইসিটি খাতের টেকসই উন্নয়নে বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আয়োজিত ‘বিসা ইফতার ও নেটওয়ার্কিং’ অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
বিসার সভাপতি ড. মুস্তাফা রাফিকুল ইসলাম ডিউকের সভাপতিত্বে এবং বিসার উপদেষ্টা শামীম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এইচ এম সাইফ আলী খান, বিসার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জুয়েল, প্রতিষ্ঠাতা সদস্য মো. সামিউল ইসলাম, বাক্কোর পরিচালক শাইমা শওকত আলী, উপদেষ্টা রাজ মাসুদ ফরহাদ এবং এনআইসিটিএফ-এর প্রেসিডেন্ট রাফায়েল কবিরসহ আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং আইসিটি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠান শেষে ইফতার ও নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় করেন এবং আইসিটি খাতের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
