পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এখন কেনাকাটার উৎসবে মাতোয়ারা রাজধানী ঢাকা। রমজানের শেষ সময়ে এসে রাজধানীর শপিংমলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। তবে এবারের ঈদের কেনাকাটার চিত্র কিছুটা ব্যতিক্রম। দীর্ঘ ছুটির সুযোগে অনেকেই আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করায় শেষ মুহূর্তের চিরচেনা উপচে পড়া ভিড় এবার কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তবুও পছন্দের পোশাকটি সংগ্রহ করতে মার্কেট থেকে মার্কেটে ঘুরছেন ক্রেতারা।
ক্যালেন্ডারের পাতায় ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তাই শেষ মুহূর্তে এসে প্রিয়জনের জন্য সাধ্যের মধ্যে সেরা পোশাকটি বেছে নিতে ব্যস্ত নগরবাসী। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে পছন্দের পোশাক বেছে নিচ্ছেন তারা। জমকালো পোশাক থেকে শুরু করে জুতো, প্রসাধনী—কিছুই বাদ যাচ্ছে না কেনাকাটার তালিকা থেকে।
শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের ফ্যাশন সামগ্রী সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন দোকানে দেওয়া হচ্ছে ছাড় ও বিশেষ অফার। তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া মিশ্র।
তবে এবারের চিত্রটা গত কয়েক বছরের তুলনায় কিছুটা ভিন্ন। লম্বা ছুটির সুযোগে অনেকেই আগেভাগে কেনাকাটা শেষ করে ঢাকা ছাড়ছেন। ফলে শেষ মুহূর্তে যে উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল, তাতে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
নাড়ির টানে বাড়ি ফেরার তোড়জোড় থাকলেও উৎসবের আমেজে কমতি নেই রাজধানীতে। শেষ মুহূর্তের এই কেনাকাটা আর বাড়ি ফেরার আনন্দ মিলিয়ে এক ভিন্ন রঙে রাঙা হয়ে উঠেছে রাজধানীবাসীর ঈদ প্রস্তুতি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
