চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের সার্বিক খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা করা হয়। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
