সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল।
রোববার (২৯ মার্চ) ঢাকায় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে (Jean Pesme)-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে এবং তারা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তিনি আরও জানান, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যুর পরিকল্পনা রয়েছে, যা নারীদের নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি প্রদান করবে।
বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান সামাজিক সুরক্ষা জোরদারে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
