ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশ-কোরিয়া ও ইইউ বৈঠক: জাপানের আদলে বাণিজ্য চুক্তির প্রস্তাব

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন

banglahour

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে পৃথক দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশ।

বৈঠকে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, বাজার বহুমুখীকরণ এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়।
গত ২৯ মার্চ ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু-র সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি দূরদর্শী বাণিজ্যনীতি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ ইতোমধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করেছে। এখন কোরিয়ার সঙ্গেও অনুরূপ মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আমরা আগ্রহী।


জবাবে কোরীয় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তি ভবিষ্যৎ দ্বিপাক্ষিক আলোচনায় কার্যকর মডেল হতে পারে। তিনি জাহাজ নির্মাণ, ইস্পাত ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেন।


অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণকালীন সময়সীমা আরও তিন বছর বাড়ানোর জন্য সহযোগিতা কামনা করে। বাণিজ্যমন্ত্রী শ্রম খাতের সংস্কারে অগ্রগতির কথা তুলে ধরে দ্রুত এফটিএ আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয় এবং শ্রম খাতের সংস্কারের প্রশংসা করে। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিষয়ে অভ্যন্তরীণ মূল্যায়ন শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।


বৈঠকে জাপানের সঙ্গে সম্পাদিত ইপিএ-কে ভিত্তি করে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি এগিয়ে নেওয়া, আরসিইপি-তে যোগদানের আগ্রহ, তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং আইএলও নির্দেশনা অনুযায়ী নতুন শ্রম আইন প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
উভয় বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদারে নিয়মিত যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯