দেশে হামের টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) এমআর (হাম-রুবেলা) টিকার সরবরাহ ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৭৩ শতাংশে। এতে নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু, বাড়ছে সংক্রমণের ঝুঁকি।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, এই তিন মাসে দেশে এমআর টিকার চাহিদা ছিল ৬ লাখ ৪৬ হাজারের বেশি ভায়াল। তবে সরবরাহ করা গেছে মাত্র ১ লাখ ৭৭ হাজার ভায়াল, যা মোট চাহিদার মাত্র ২৭ শতাংশ।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প প্রণয়ন, অনুমোদন এবং অর্থ ছাড়ে বিলম্বের কারণেই টিকা সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে অপারেশনাল প্ল্যান (ওপি) বন্ধ হয়ে রাজস্ব খাতে যাওয়ায় পুরো প্রক্রিয়া ধীর হয়ে পড়ে।
এদিকে টিকার সংকটের প্রভাব ইতোমধ্যে মাঠপর্যায়ে পড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৬০০-র বেশি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় বহু গুণ বেশি। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে অর্ধশতাধিক শিশুর মৃত্যুও হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রি-ফাইন্যান্সিংয়ের মাধ্যমে কিছু টিকা ইতোমধ্যে এসেছে। বাকি অর্থ ছাড় হলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে টিকা সরবরাহ স্বাভাবিক হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এ ধরনের জনস্বাস্থ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয়। টিকাদান কার্যক্রম সচল রাখতে টেকসই নীতিমালা জরুরি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
