ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জেনেভায় বাংলাদেশ-সৌদি বৈঠক: জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতিতে জোর

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ১ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে।


গত সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে জেনেভায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।


বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজ পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।


মন্ত্রী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ সময়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা প্রদানের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।


এসময় সৌদি উপমন্ত্রী আইএলও-তে সৌদি আরবের বিরুদ্ধে আনীত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি উন্নয়নে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে সৌদি তত্ত্বাবধানে আধুনিকায়ন এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ জোরদারের প্রস্তাব দেন, যাতে সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতার স্বীকৃতি সহজ হয়।


বৈঠকে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ শ্রম খাতে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম