মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তীব্র ভিড় ও দীর্ঘ লাইন। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের আশ্বাস থাকলেও বাস্তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না অনেক গ্রাহক।
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, তপ্ত রোদ উপেক্ষা করে মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন চালকরা। কোথাও কোথাও কয়েক ঘণ্টা অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।
এতে করে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ও উৎকণ্ঠা। অনেকেই বলছেন, একাধিক পাম্প ঘুরেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুজব ও আতঙ্কের কারণে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদের প্রবণতা বেড়ে গেছে। একই সঙ্গে সরবরাহে সামান্য ঘাটতি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
যদিও সংশ্লিষ্টদের দাবি, গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবুও সাধারণ মানুষের উদ্বেগ এখনো কাটেনি। সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চললেও, কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
