বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ পাচ্ছে ২০টি শিল্প প্রতিষ্ঠান। শিল্প খাতে অবদান রাখার স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দিচ্ছে শিল্প মন্ত্রণালয়।গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প প্রতিষ্ঠানের মালিক বা প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো—বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ছয়টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে তিনটি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে চারটি, মাইক্রো ও কুটিরশিল্প ক্যাটাগরিতে তিনটি করে এবং হাই টেক শিল্প ক্যাটাগরিতে একটি।
কারা পুরস্কার পাচ্ছে
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে তিনটি প্রতিষ্ঠান। সেগুলো হলো: ইকোটেক্স, প্রাণ ডেইরি লিমিটেড ও মীর আক্তার হোসেন লিমিটেড, দ্বিতীয় হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, যৌথভাবে তৃতীয় হয়েছে স্নোটেক্স আউটারওয়্যার ও স্কয়ার টয়লেট্রিজ।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক, দ্বিতীয় বসুমতি ডিস্ট্রিবিউশন এবং তৃতীয় এপিএস অ্যাপারেলস।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে দি রিলায়েবল বিল্ডার্স ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কম্পানি, দ্বিতীয় রংপুর ফাউন্ড্রি এবং তৃতীয় হয়েছে গুনজে ইউনাইটেড।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফারিহা গ্রিন মুড লেদারস্, দ্বিতীয় এ বি এম ওয়াটার কম্পানি এবং তৃতীয় ডিপলেড ল্যাবরেটরিজ।
কুটিরশিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ব্লু-স্টার অ্যাগ্রো প্রডাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় প্রীতি বিউটি পার্লার এবং তৃতীয় লেহাজ সালমা যুব মহিলা কল্যাণ সংস্থা।
হাই টেক শিল্প ক্যাটাগরিতে শুধু বিজ সল্যুশনস লিমিটেড নির্বাচিত হয়েছে।
প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয় ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারসংক্রান্ত নির্দেশনাবলি ২০১৩’ পুরস্কার দেয়, যা ২০১৪ সালে প্রথমবার পুরস্কার দেওয়া হয়। এ বছর সপ্তমবারের মতো ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ দেওয়া হচ্ছে।
এই পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক পুরস্কার পাওয়ার পরের এক বছর বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
