কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে আরও পাঁচটি মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর নাম এবং তাঁরা কে কোন বিভাগে পড়েন, সেটি উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পুলিশকে মারধর ও জখম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রূপনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে। দুটি মামলায় অজ্ঞাতনামা শিক্ষার্থীসহ এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী পুলিশ। অন্য মামলার বাদী নিজেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের একজন ‘সক্রিয় সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন।
এর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় আরেকটি মামলা হয়েছে। এ মামলার বাদী পুলিশ।
এই পাঁচটি মামলার বাইরে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় (১২-২১ জুলাইয়ের মধ্যে) ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ। ২টি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা। এসব মামলায় অজ্ঞাত আন্দোলনকারীদের আসামি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম উল্লেখ করে মামলার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বৃহস্পতিবার রাতে মুঠোফোন বলেন, আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না। যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সে ব্যাপারে মামলা হবে।
যদিও গত রোববার কোটা সংস্কার নিয়ে আদালতের রায়ের পর সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে সেগুলো সরকার দেখবে। তিনিসহ সরকারের কয়েকজন মন্ত্রী এ-ও বলে আসছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, সহিংসতা বা ধ্বংসযজ্ঞ চালায়নি। সহিংসতার ঘটনাগুলোর জন্য বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করে আসছেন সরকারের মন্ত্রীরা।
সূত্র: প্রথম আলো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
