চট্টগ্রাম ও মংলা বন্দরে মিয়ানমার ও ভারত থেকে আমদানিকৃত চালবাহী দুটি জাহাজ পৌঁছেছে। জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে আনা ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, আর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত সাড়ে সাত হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা মংলা বন্দরে পৌঁছেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানিকৃত আরও ৮,৫০০ মেট্রিক টন এবং ১০,০০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ শনিবার ও রোববার মংলা বন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।
এর আগে, গত বুধবার (২৪ জানুয়ারি) ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছায়, যা খাদ্য অধিদপ্তর আমদানি করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
