মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পুনরায় স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে ছয়টি ফেরি এবং ঘাটে প্রায় ১০৫টি যানবাহন আটকা পড়ে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে, যা ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। রাত ১১টার পর কুয়াশার মাত্রা এতটাই বেড়ে যায় যে চ্যানেল ও বিকন বাতি সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে, নৌপথের মার্কিং পয়েন্টও দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে আটকা পড়েন অনেক যাত্রী ও ব্যবসায়ী, যা তাদের চরম দুর্ভোগে ফেলে। ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল প্রায় পাঁচ শতাধিক যানবাহন, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, ‘কুয়াশার মাত্রা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন জরুরি পণ্যবাহী যানবাহন ও যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
