চলতি ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার প্রকাশিত মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার পূর্বাভাস
মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শেষার্ধে বজ্রবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর বলছে, মাসের শেষের দিকে দেশের কিছু এলাকায় এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
জানুয়ারির আবহাওয়া পর্যালোচনা
জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ৩, ৯ থেকে ১১, ১৯ এবং ২৪ থেকে ২৭ জানুয়ারি দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।
গত মাসের উল্লেখযোগ্য তাপমাত্রার রেকর্ড অনুযায়ী—
- ৬ জানুয়ারি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
- ১০ জানুয়ারি: তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
জানুয়ারিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, আর সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সারাদেশের গড় তাপমাত্রাও ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশের আবহাওয়া শুষ্ক ও তুলনামূলকভাবে উষ্ণ থাকতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
