শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে কাউকে লক্ষ্য করে বল প্রয়োগ করা হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবলু রহমান। শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তালেবলু রহমান বলেন, যমুনা ভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে সেখানে আন্দোলন চলেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরও বলেন, শুক্রবারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও কাউকে টার্গেট করে বল প্রয়োগ করা হয়নি।
ডিএমপির এই কর্মকর্তা সামনে নির্বাচনকে কেন্দ্র করে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
উল্লেখ্য, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। একই দাবিতে শুক্রবার বিকেলে তারা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ও শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন।
এ সময় শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মঞ্চের কয়েকজন নেতা-কর্মী ও সাংবাদিক আহত হন। পুলিশের ভূমিকা নিয়ে তখন নানা সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে শনিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবলু রহমান বলেন, পুরো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।
জানা যায়, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়। এরপর থেকেই তার হত্যার বিচার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
