ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকার ২০টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থান ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এসব কেন্দ্রে সড়ক বা নৌপথে পৌঁছানো অত্যন্ত কঠিন হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, রাঙ্গামাটিতে মোট ২১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টি কেন্দ্র দুর্গম অঞ্চলে অবস্থিত, যেখানে কোনো কোনো কেন্দ্রে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় লেগে যায়। ফলে শনিবার সকাল থেকে ধাপে ধাপে হেলিকপ্টারযোগে নির্বাচনী মালামাল ও কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।
দুর্গম এসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়িতে ৫টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ৩০ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে পর্যায়ক্রমে এ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে প্রশাসন।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হেলিসর্ট হিসেবে চিহ্নিত এসব কেন্দ্রে বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে ব্যালট বাক্স, নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, রাঙ্গামাটির ১০ উপজেলা, দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
